তালবিনাহ কী? | হাদিসের আলোকে তালবিনাহ খাওয়ার উপকারিতা
তালবিনাহ কী? | হাদিসের আলোকে তালবিনাহ খাওয়ার উপকারিতা
তালবিনা হলো যবের গুঁড়ো বা ছাতু, দুধ এবং মধু দিয়ে তৈরি এক ধরনের পুষ্টিকর জাউ বা স্যুপ। এটি দেখতে দুধের মতো সাদা ও নরম হওয়ার কারণে আরবি 'লাবান' (দুধ) শব্দ থেকে এর নাম তালবিনা রাখা হয়েছে। এটি একটি জনপ্রিয় সুন্নতি খাবার।
আয়েশা (রা.) থেকে বর্ণিত, একবার তার পরিবারের কেউ একজন মারা গেলে লোকজন তার সঙ্গে দেখা করতে এলো। যখন দেখা শেষ করে বাইরের সবাই চলে গেল শুধু পরিবারের লোকজন রইল, তখন আয়েশা (রা.) একপাত্র তালবিনাহ আনতে বললেন। তারপর থারিদ তৈরি করতে বললেন। সেই তালবিনাহ তখন খারিদের মধ্যে ঢালতে বললেন। তারপর তিনি বললেন যে, এটা খাও। কারণ আমি শুনেছি আল্লাহর নবী বলেছেন তালবিনাহ অসুস্থ লোকদের আরাম দেয় আর দুঃখী লোকদের দুঃখ দূর করে।'
(মুত্তাফাকুন আলাইহি)
তালবিনাহ হলো বার্লি নামের যবের ছাতু থেকে তৈরি একধরনের ঝোল, যার সঙ্গে মধু ও দুধ মেশানো হয়। এটাকে এজন্য তালবিনাহ বলা হয় যে, এটা দেখতে দুধের মতো সাদা ও কোমল হয়।
আরেক রেওয়াতে ইমাম নাসায়ি বর্ণনা করেছেন: আয়েশা (রা.) এই হাদিসের সঙ্গে আরও উল্লেখ করেছেন যে, নবী (সা.) বলেছেন, 'যার হাতে মুহাম্মদের জীবন তার শপথ এই তালবিনাহ পেটের ভেতরটা পরিষ্কার করে যেভাবে পানি মুখের উপর থেকে ময়লা দূর করে দেয়।'
আল মোআফফাক আল বাগদাদি বলেন, 'তালবিনাহের উপকারিতা যবের ঝোলের মতোই। যবের ঝোলের মতো উপকারিতা আর কোনো কিছুতে নেই। যার গমের ঝোল কিংবা রুটি খাওয়ার অভ্যাস আছে সে যখন অসুস্থ হয় তার জন্য সেরা খাবার হলো যবের ঝোল।'
আল হাদিয়া গ্রন্থের লেখক বলেন যে, 'অসুস্থ লোকদের জন্য ডাক্তারের নির্দেশিত খাবার হলো পাকা যব। কারণ এটা খুবই নরম এবং অসুস্থ মানুষের হজমে সহায়ক। যদিও এটা ব্যবহার করার পদ্ধতি এক এক দেশে এক এক রকম।'
আধুনিক চিকিৎসা বিজ্ঞানে স্বাস্থ্য নিয়ন্ত্রণে যব খাবার হিসেবে নির্দেশ করা হয়। বিজ্ঞানভিত্তিক গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে, যব মানুষের শরীরের কোলেস্টরল কমিয়ে দেয়।
লিপিড ম্যাগাজিন আমেরিকার কৃষি গবেষণার একটি প্রতিবেদন ছেপেছে, যেখানে আমেরিকার কৃষি বিভাগের গবেষকরা বলেছেন যে, 'যবের তৈরি খাবারে তিন ধরনের উপাদান আছে যার প্রতিটিই রক্তে নিম্নমাত্রার কোলেস্টরল নির্দেশ করে।'
পশ্চিমা বিশ্বে অসংখ্য কোম্পানি আছে যারা যবের নির্যাসের বোতলজাত পণ্য বিক্রি করে এবং অনেক মেডিকেল কোম্পানি আছে, যারা যবের তেল থেকে ভিটামিন ক্যাপসুল তৈরি করে। এই আলোচনাগুলো নবী মুহাম্মদের (সা.) বাণীকেই সত্য প্রমাণ করে। নবী মুহাম্মদ (সা.) বলেছেন, 'তালবিনাহ অসুস্থ লোকদের হতবুদ্ধিতা দূর করে, তাদের হার্টের দুর্বলতা দূর করে।' যবে আছে পর্যাপ্ত পরিমাণ আঁশ যা মানুষের কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়ক।
উইসকনসিন ইউনিভার্সিটির একদল গবেষক যবের উপর গবেষণা করে একটা ফলাফল পেয়েছেন এমন যে, যবে কেবলমাত্র অল্প কোলেস্টরলই বিদ্যমান নাই বরং যবে আছে এমন কিছু উপাদান, যা মানুষের ক্যানসার প্রতিরোধে সহায়ক।
এখানে অবশ্য একটা প্রশ্ন তৈরি হয় যে যব থেকে তৈরি বিয়ার ও মবের শরবতের মধ্যে কি এমন পার্থক্য? এর উত্তরে বলা যায় যে, যবের শরবত কোনো নির্দিষ্ট সময়ব্যাপী প্রক্রিয়ার ভেতর দিয়ে তৈরি হয় না, অন্যদিকে যব থেকে তৈরি যবের মদ ও বিয়ারে মানুষকে নেশাগ্রস্ত করার উপাদানটুকু নির্যাস আকারে বের করা হয়। সেখান থেকে মদ ও বিয়ার তৈরি করা হয়।
ইমাম আহমাদ তার মুসনাদে বর্ণনা করেছেন: নবী মুহাম্মদ (সা.) বলেছেন, 'মদ তৈরি হয় যব থেকে, মদ তৈরি হয় গম থেকে, মদ তৈরি হয় খেজুর থেকে, মদ তৈরি হয় আঙুর থেকে, মদ তৈরি হয় মধু থেকে, ফলে যার মধ্যেই নেশাগ্রস্তের উপাদান আছে আমি তাকেই নিষিদ্ধ করছি। (সহিহ বোখারি)
কমেন্ট